ডেস্ক রিপোর্টঃ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রোববার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর চিঠি নির্বাচন কমিশন (ইসি) আজই পেতে পারে বলে জানিয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি নেওয়া রয়েছে।
আগামী মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করাবেন। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, একই দিনে বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তারেক রহমান দলটির নেতৃত্বে রয়েছেন। প্রায় দুই দশক পর আবারও দলটি সরকার গঠন করতে যাচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হয় ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে। নির্বাচন কমিশন (ইসি) ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে পরদিন ১৩ ফেব্রুয়ারি। উচ্চ আদালতের নির্দেশনায় এখনো জারি হয়নি চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফলের গেজেট।



































































