ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের শেষ সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন জল্পনা তুঙ্গে। কেউ বলছেন, তিনি সাংবিধানিক পদে থাকতে পারেন, আবার তাঁর ঘনিষ্ঠরা বলছেন, রাজনীতিতে বা সাংবিধানিক কোনও পদে ফেরার কোনও আগ্রহই নেই তাঁর। তবে ব্রিটিশ মানবাধিকার কর্মী এবং অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান বলছেন, ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশ উপকৃত হতে পারে।
মঙ্গলবার দায়িত্ব নিতে যাওয়া বিএনপি সরকারের সমর্থনে তিনি রাজনৈতিক কাঠামোর ভেতরে কোনও সাংবিধানিক পদে থাকতে পারেন -বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রয়েছে।
তারেক রহমান দেশের সেরা মেধাবীদের সম্পৃক্ত করার পক্ষে —এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁর উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ কারও জন্যই এখনও নির্দিষ্ট কোনও পদ চূড়ান্ত করা হয়নি। তবে দেশের ভবিষ্যৎ গঠনে সক্ষম ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করতে চান তারেক রহমান।
হুমায়ুন কবির বলেন, ‘কোনও নির্দিষ্ট পদ নিয়ে আলোচনা হয়নি। আলোচনা ছিল অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা নিয়ে তারেক রহমান সাহেবের আগ্রহকে কেন্দ্র করে। তিনি নির্বাচিত হলে সব ধরনের মেধাকে কাজে লাগিয়ে দেশ পরিচালনা করতে চান।’
তিনি আরও বলেন, ‘আপনার দক্ষতা, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক মর্যাদা দেশের স্বার্থে নানা উপায়ে কাজে লাগানো যেতে পারে। নির্দিষ্ট কোনও ভূমিকা নির্ধারণ করা হয়নি। তবে নির্বাচনের পর সুবিধাজনক সময়ে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে পরামর্শ করতে চান তিনি। সেই প্রেক্ষাপটে অধ্যাপক ড. ইউনূসের সঙ্গেও আলোচনা হতে পারে।’
হুমায়ুন কবির বলেন, ‘রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। তারেক রহমান এমন সিদ্ধান্ত নেবেন, যা দেশকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থানে নিয়ে যাবে। তিনি উন্নয়নের দৃষ্টিভঙ্গিকে কেবল দলীয় সীমায় আটকে রাখতে চান না। প্রয়োজনে পরিসর বাড়াতে প্রস্তুত আছেন। দেশের স্বার্থে কারও বিশেষজ্ঞ জ্ঞানের প্রয়োজন হলে তাকে সঙ্গে নেবেন।’
তিনি আবারও স্পষ্ট করে বলেন, ‘এখন পর্যন্ত কোনও নির্দিষ্ট পদ নিয়ে আলোচনা হয়নি।’
যদিও এখন পর্যন্ত ড. ইউনূস নিজেও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের পর তিনি এ বিষয়ে খোলামেলা কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছে।



































































