নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম। ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে বুধবার রাতের মধ্যেই পৌঁছে যাবে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।
সকাল থেকে পুরো শহরে ছুটির ছোঁয়া থাকলেও, কর্মব্যস্ত বিভাগীয় কমিশনার তথা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। একদিন আগেই ভোটের সব সরঞ্জামাদি সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে পাঠানো হয়েছে। এখান থেকেই আজ প্রিজাইডিং অফিসাররা আসনভিত্তিক ভোটের জিনিসপত্র গ্রহণ করবেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি মনিটরিং সেলও গঠন করা হয়েছে। এতে দায়িত্ব পালন করবেন ১১ জন প্রিজাইডিং কর্মকর্তা। নির্বাচনকালীন সময়ে জেলার সমস্ত আসনের ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে সমন্বয় করবেন তারা। পাশাপাশি, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাও এই কার্যালয় থেকে হবে।
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি নির্বাচনী আসনের ৮০৫টি ভোট কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিটি আসনের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ভোটের সব সরঞ্জাম, ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, প্যাড, অমুসনীয় কালি, রাবার পেন্সিল, সিলগালা এবং গণভোটের ব্যালট পেপার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা বুঝে নেন। এরপর তারা এসব সরঞ্জাম বিভিন্ন যানবাহনে কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, জেলায় মোট ৮০৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৮০৫ জন প্রিজাইডিং অফিসার, ৫ হাজার ১৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০ হাজার ৩৬৪ জন পোলিং অফিসার নিয়োগপ্রাপ্ত রয়েছেন।
নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে ৮৭৫টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এই কেন্দ্রগুলোর নিরাপত্তায় সাতটি বাহিনীর সাড়ে ১৬ হাজার সদস্য এবং প্রায় ৩৪ হাজার নির্বাচনী কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। মোট ৮৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৬১৪টি সাধারণ এবং ২৬১টি ‘অতি গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যেই সব কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এখানে সবগুলো আসনে ভোটের পরিবেশ অত্যন্ত সন্তোষজনক। ছয়টি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ মোট ১৬ হাজার ৩৭৯ জন সদস্য মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আজ সকাল ১০টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়।
চট্টগ্রাম মহানগরী ও জেলার ১৬টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। সকাল থেকে কেন্দ্রভিত্তিক ভোটের সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।
ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, চটের থলি, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড, চার্জার লাইটসহ প্রয়োজনীয় সব উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে। উপজেলার ভোট কেন্দ্রগুলোর সরঞ্জাম এরইমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ইউএনওদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ জানান, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছেন। একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই বলে জানান তিনি।
নির্বাচন উপলক্ষে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ১১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেটসহ মোট ১৪২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য নাশকতা এড়াতে চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে সাঁজোয়া যান নিয়ে সেনাসদস্যদের টহল দেখা গেছে। পাশাপাশি ভোট কেন্দ্র ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র্যাব, বিজিবি, নৌবাহিনী ও আনসার সদস্যরা মহড়া দিচ্ছেন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদ হোসেন মিঞা বলেন, “সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় রেখে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ভোটাররা নিরাপদ পরিবেশে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে মোট ভোট কেন্দ্র ১ হাজার ৯৬৫টি। এর মধ্যে ৬৫৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। প্রত্যেক ভোট কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে এবং পুলিশ বডিওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। নির্বাচনে দায়িত্ব পালন করবেন ১ হাজার ৯৬৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ১২ হাজার ৫৯৫ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ২৯ হাজার ১৬৫ জন পোলিং কর্মকর্তা।



































































