আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি উচ্চ বিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, যাকে হামলাকারী বলে মনে করা হচ্ছে, তাকেও মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তার শরীরে আত্মঘাতী আঘাতের চিহ্ন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সময় মঙ্গলবার পিস রিভার সাউথ এলাকার আইনসভা সদস্য ল্যারি নিউফেল্ড সাংবাদিকদের বলেন, রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) এবং অ্যাম্বুলেন্সসহ অতিরিক্ত বাহিনী ওই এলাকায় পাঠানো হয়েছে।
চলমান অভিযানের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কায় তিনি এই মুহূর্তে আর কোনো তথ্য প্রকাশ করতে চান না বলে সাংবাদিকদের জানান। তিনি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ অবস্থানে থাকার আহ্বান জানান।
ল্যারি নিউফেল্ড বলেন, আমরা বুঝতে পারছি, অনেকেই তাদের প্রিয়জনদের খোঁজে বাইরে বের হয়েছেন। কিন্তু অনুরোধ করছি, দয়া করে আপনারা নিজ নিজ বাড়িতে ফিরে যান, সেখানেই নিরাপদে থাকুন এবং আরসিএমপির দক্ষ সদস্যদের এই সুন্দর কমিউনিটিকে আবার নিরাপদ করে তোলার সুযোগ দিন। প্রাদেশিক সরকারের ওয়েবসাইট অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে।



































































