স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণার পর পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আনতে সক্রিয় হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, নির্দিষ্ট তিনটি শর্ত পূরণ হলেই কেবল ভারত ম্যাচ খেলবে তারা। এই ইস্যুকে কেন্দ্র করে আইসিসি, পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে একাধিক বৈঠক হয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ও আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, রোববার লাহোরে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। মূল আলোচ্য ছিল ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারত-পাকিস্তান ম্যাচ এবং বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা।
টেলিকম এশিয়া স্পোর্টের বরাতে ভারতের হিন্দুস্থান টাইমস জানিয়েছে, পিসিবি আইসিসির কাছে তিনটি শর্ত উত্থাপন করেছে। প্রথম শর্ত অনুযায়ী, বিশ্বকাপ থেকে বাদ পড়ার কারণে বাংলাদেশকে বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশকে টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও নির্ধারিত অংশগ্রহণ ফি প্রদান নিশ্চিত করতে হবে। তৃতীয় শর্ত হলো ভবিষ্যতে আইসিসির একটি বড় টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব বাংলাদেশকে দিতে হবে। এনডিটিভিও সূত্রের বরাতে একই ধরনের তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পিসিবির দাবি মূলত বাংলাদেশকেন্দ্রিক এবং আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত বোর্ডের ক্ষতি পুষিয়ে দেওয়াই এর মূল লক্ষ্য।
পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, ভারত ম্যাচ নিয়ে সরকারের চূড়ান্ত অবস্থান জানতে এক থেকে দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনার পরই ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ম্যাচের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
টেলিকম এশিয়া স্পোর্টকে এক সূত্র বলেছেন, “বৈঠকে আইসিসির কাছে পিসিবি চেয়ারম্যান কিছু স্পষ্ট শর্ত তুলে ধরেছেন। এর মধ্যে আছে বাংলাদেশের ক্ষতিপূরণ, অংশগ্রহণ ফি এবং ভবিষ্যৎ টুর্নামেন্ট আয়োজনের নিশ্চয়তা।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আইসিসি বাংলাদেশের দাবিগুলোর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং সংকট নিরসনে একটি বিশেষ ফর্মুলা প্রস্তুত করা হয়েছে। এই ফর্মুলা নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা চলছে, যেখানে সমন্বয়কের ভূমিকা পালন করছে পিসিবি।
এর আগে বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ না মানায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয় আইসিসি। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বিপুল বাণিজ্যিক স্বার্থ জড়িত থাকায় আইসিসি কোনোভাবেই এই ম্যাচ বাতিল দেখতে চায় না। সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ ও বিজ্ঞাপন থেকে আসা রাজস্বের কারণেই দ্রুত সমঝোতার চেষ্টা চলছে।
আইসিসির একাধিক কর্মকর্তা মনে করছেন, বাংলাদেশ ইস্যুতে গ্রহণযোগ্য সমাধান হলে পাকিস্তান তাদের বয়কট সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। ফলে ১৫ ফেব্রুয়ারি রোববার নির্ধারিত বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্য এখন নির্ভর করছে কয়েকটি বৈঠক ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।



































































