স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির জাদুকরী গোল এবং নতুন সাইনিং জার্মান বারতেরামির অভিষেক রাঙানো গোলের পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি।
শনিবার ইকুয়েডরের কুইটোতে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বার্সেলোনা এসসির মুখোমুখি হয়ে ২-২ গোলে ড্র করেছে এমএলএস কাপ বিজয়ীরা। ম্যাচের ৩১ মিনিটে নিজের ট্রেডমার্ক স্টাইলে গোল করে মায়ামিকে লিড এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক। মাঠের গভীর থেকে বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সের সামনে পৌঁছে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ের নিখুঁত শটে জালে বল পাঠান মেসি। ২০২৬ সালে এটিই মেসির প্রথম গোল।
বার্সেলোনা এসসি জোয়াও রোহাসের গোলে সমতায় ফিরলেও প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান বাড়ায় মায়ামি। মেসির চমৎকার ক্রস-ফিল্ড পাস থেকে বল পেয়ে গোল করেন মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বারতেরামি। গত মাসে মন্টেরি থেকে ১৫ মিলিয়ন ডলারে মায়ামিতে যোগ দেওয়ার পর এটিই ছিল তার প্রথম ম্যাচ।
ম্যাচের ৬০ মিনিট পার হওয়ার পর মেসিকে তুলে নিয়ে লুইস সুয়ারেজকে মাঠে নামান কোচ হাভিয়ের মাশ্চেরানো। জয়ের পথেই ছিল মায়ামি, কিন্তু ৮৭ মিনিটে ডেভিড আয়ালা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে তারা। সেই সুযোগে ম্যাচের শেষ মুহূর্তে টমাস মার্টিনেজের গোলে সমতায় ফেরে ইকুয়েডরের দলটি। দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে মায়ামি।
আগামী শুক্রবার পুয়ের্তো রিকোয় ইন্ডিপেন্ডিয়েন্টে দেল ভ্যালের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২১ ফেব্রুয়ারি এলএএফসির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইন্টার মায়ামির ২০২৬ এমএলএস মৌসুম।



































































