আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং উপজেলা প্রশাসনের একটি যৌথ দল গত বৃহস্পতিবার দোহাজারী পৌরসভার ডাকবাংলোর ২ এবং ৭নং ওয়ার্ডের আংশিক বার্মা কলোনীতে অভিযান চালিয়ে তিন শতাধিক অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক করেছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযানে বার্মা কলোনীকে যৌথ বাহিনী চারদিক থেকে ঘিরে প্রতিটি বাড়িতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালিয়ে ১৭৬ জন পুরুষ, ৮৬ জন মহিলা ও ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ সর্বমোট ৩৪৫ জন রোহিঙ্গা আটক করে। এছাড়া যাদের কাছে বৈধ এনআইডি কার্ড পাওয়া যায় তাদেরকে যাচাই বাছাই শেষে ছেড়ে দেয়া হয়। আর যাদের কাছে কোন বৈধ কাগজ পাওয়া যায়নি, তাদেরকে চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন (আরআরআরসি) এর তত্ত্বাবধায়নে উখিয়াতে স্থানান্তরিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতিয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ এই এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে মূলত এই অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।



































































