নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের বাইরে যেতে চায় না। রাষ্ট্রের স্বার্থে এমন মতাদর্শ থেকে বেরিয়ে আসতে হবে। মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঋণখেলাপিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আরপিও সংশোধনে আইন রয়েছে।
এই নির্বাচন কমিশনার বলেন, গত দেড় দশকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসে সবচেয়ে বড় অধঃপতন হয়েছে। সেটি ফিরিয়ে আনাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে যদি অনিয়মের অভিযোগ আসে, তাহলে স্পিকার নিজ ক্ষমতাবলে যাচাইয়ের জন্য তা নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করতে পারেন। বাংলাদেশে কখনো এটি চর্চা করা হয়নি। এখন আইন সংশোধন করা হয়েছে।
বলা হয়েছে, কোনো এমপির বিরুদ্ধে অভিযোগ এলে নির্বাচন কমিশনও চাইলে স্বপ্রণোদিত হয়ে তা তদন্তের উদ্যোগ নিতে পারবে এবং অভিযোগ প্রমাণিত হলে তিনি সংসদ সদস্য পদ হারাতে পারেন।



































































