নিজস্ব প্রতিবেদক : ঢাকাসহ দেশের ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
নতুন প্রশাসক পাওয়া জেলাগুলো হলো- ঢাকা, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা, জামালপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, হবিগঞ্জ, চাঁদপুর এবং ফেনী। সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে মো. ইয়াছিন ফেরদৌস মোরাদ ঢাকা, মো. মিজানুর রহমান চৌধুরী নীলফামারী, এ কে এম মমিনুল হক লালমনিরহাট, মোহাম্মদ জহুরুল ইসলাম পাবনা, মো. মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল, মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা, মো. সিরাজুল হক জামালপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাবেন। এছাড়া চৌধুরী ইশরাত আহমদ সিদ্দিকী গাজীপুর, জামিলুর রশিদ খান মানিকগঞ্জ, তোফাজ্জল হোসেন নরসিংদী, মো. আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর, আহমেদ আলী হবিগঞ্জ, এ কে এম সলিম উল্যা সেলিম চাঁদপুর এবং অধ্যাপক এম এ খালেক ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এছাড়া, গত ১৫ মার্চ সরকার ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছিল। নতুন এই নিয়োগের ফলে মোট জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলার প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও স্থানীয় সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।



































































