স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর চোট নিয়ে বড় ধরনের আপডেট দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, আল ফায়হার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এই পর্তুগিজ তারকা।
৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড ম্যাচের ৮১ মিনিটে মাঠ ছাড়ার সময় খুঁড়িয়ে হাঁটছিলেন। সাইডবেঞ্চে বসার পর তার ডান হ্যামস্ট্রিংয়ে আইস প্যাক দিয়ে রাখা অবস্থায় দেখা যায়। তবে তিনি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে ক্লাব এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি।
আল নাসর এক বিবৃতিতে জানিয়েছে, ‘রোনালদো পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং প্রতিদিন তার শারীরিক অবস্থা মূল্যায়ন করা হবে।’
যদিও ম্যাচের পর আল নাসর কোচ হোর্হে জেসুস ভক্তদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘রোনালদো মূলত পেশিতে চোট পেয়েছেন। আমরা ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমি তাকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চাইনি।
চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন, তবে প্রাথমিকভাবে এটি কেবলই ক্লান্তি বলে মনে হচ্ছে।’
আল ফায়হার বিপক্ষে দিনটি অবশ্য রোনালদোর জন্য ব্যক্তিগতভাবে খুব একটা ভালো ছিল না। তিনি একটি পেনাল্টি মিস করেন এবং ওপেন প্লে থেকেও গোল পেতে ব্যর্থ হন। তবে দলের জয়ে আল নাসর বর্তমানে আল আহলিকে টপকে ২ পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে।
এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক উত্তেজনার কারণে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-তে আল ওয়াসলের বিপক্ষে আল নাসরের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়েছে। এর ফলে চোট কাটিয়ে ফেরার জন্য কিছুটা বাড়তি সময় পাচ্ছেন রোনালদো। লিগে আল নাসরের পরবর্তী ম্যাচ আগামী শনিবার নিওম-এর বিপক্ষে।
উল্লেখ্য, সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদো বর্তমানে ২১ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ২৩ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন আল আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি।



































































