আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের উত্তর দিকের শহর হাইফার বাজান তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার পর সেখানে অগ্নিকান্ড ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো। তেহরানের জ্বালানি অবকাঠামোতে ইসরায়েলি হামলার জবাবে গত ১৯ মার্চ এই তেল শোধনাগারে হামলা চালিয়েছিল ইরান।
এদিকে হামলার পর ইসরায়েলি মিডিয়ার পোস্ট করা ও আল জাজিরার যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, হাইফার ক্ষতিগ্রস্ত ওই তেল শোধনাগারটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।
এর আগে ইরান থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের খন্ডাংশ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় আঘাত হানে। রোববারের এ হামলায় কেউ হতাহত না হলেও কারখানাটিতে আগুন লেগে যায় এবং বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।



































































