ডেস্ক রিপোর্টঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) রমজান উপলক্ষে ঘোষণা করেছে মেট্রোরেল চলাচলে বিশেষ সময়সূচি। এ সময়সূচি কার্যকর থাকবে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত।
আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয় ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম সই করা বিজ্ঞপ্তিতে।
নতুন সূচি অনুযায়ী, সকাল সাড়ে ৬টায় ছাড়বে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন। রাত সাড়ে ৯টায় ছাড়বে শেষ ট্রেন। সকাল ৭টা ১৫ মিনিটে মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন এবং রাত ১০টা ১০ মিনিটে শেষ ট্রেন ছেড়ে যাবে।
এদিকে ইফতারের সময় পানি বহনের সুযোগ রাখা হয়েছে রোজাদার যাত্রীদের কথা বিবেচনায়। প্রত্যেক যাত্রী পানির বোতল সঙ্গে রাখতে পারবেন সর্বোচ্চ ২৫০ মিলিলিটার। তবে সতর্ক থাকতে বলা হয়েছে যেন পানি পড়ে না যায়। কর্তৃপক্ষ নির্ধারিত ডাস্টবিনে ব্যবহৃত বোতল ফেলতে নির্দেশনা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরিবর্তিত থাকবে শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি।



































































