নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকা দিন দিন যানজটপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। সরু সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে কাঁচাবাজার, ফাস্টফুডের দোকানসহ বিভিন্ন অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান। ফলে প্রতিদিনই তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় অটো, মিশুক ও সিএনজি চালকেরা জানান, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় তাদের গাড়ি দাঁড় করাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় যাত্রী ওঠানামা করতেও সমস্যা হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
অভিযোগ রয়েছে, এর আগে একাধিকবার ফুটপাত উচ্ছেদ করা হলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আবারও সরকারি জায়গা দখল করে দোকান বসানো হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, সিএনজি চালকদের সরিয়ে জোরপূর্বক ফাস্টফুডের দোকান বসানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও সন্ত্রাসী কর্মকান্ডেরও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, টাকার বিনিময়ে গোপনে দোকান বসানো হচ্ছে এবং নিয়মিত চাঁদাবাজি চলছে।
এদিকে, সাধারণ মানুষের দাবি- সরকারি জায়গা দখলমুক্ত করা ও যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা না করলে সিপাহীপাড়ার যানজট ভবিষ্যতে আরও ভয়াবহ আকার ধারণ করবে।
কয়েকজন ব্যবসায়ীও স্বীকার করেছেন, প্রশাসনকে ম্যানেজ করেই তাদের এসব দোকান বসানো হয়েছে বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



































































