কাজী ওহিদ, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সম্প্রীতি প্রতিবন্ধী পুনর্বাসন প্রতিষ্ঠানের অফিস বানিয়ারচরে গত শনিবার দিনব্যাপী কামিউিনিটিভিত্তিক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেডিকেল ক্যাম্পে বানিয়ারচর, কলিগ্রাম, জলিরপাড়, কদমবাড়ি, ফুলবাড়ি, ফুলকুমারি, বনগ্রাম, গোয়ালগ্রাম, চামটা, ভেন্নাবাড়ি ও শান্তিপুর গ্রামের জনগণকে বিনামূল্যে ঔষধ, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সম্প্রীতি প্রতিবন্ধী পুনর্বাসন প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ শুভ্রা শিকদার এলাকার আপামর জনসাধারণের উপস্থিতিতে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, সুস্বাস্থ্য পাওয়ার অধিকার সকলের রয়েছে। সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া আমাদের অভিপ্রায়। সম্প্রীতি প্রতিবন্ধী পুনর্বাসন প্রতিষ্ঠান ও কমিউনিটি হাসপাতাল গুণগতমানের সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরো বলেন, আমরা মেডিক্যাল ক্যম্পের মাধ্যমে জনগণকে সচেতন করতে চাই স্ট্রোকজনিত প্যারালাইসিস ও জন্মগত শিশু প্রতিবন্ধিতা প্রতিরোধের জন্য।
তিনি সম্প্রীতির পরিকল্পনা তুলে ধরে বলেন, সম্প্রীতি এইড ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিষয়ক কৌশলপত্র ও নীতিমালার আলোকে স্বাস্থ্য সেবা প্রদান করছে এবং জাতিসংঘের স্বাস্থ্য বিয়য়ক লক্ষ্য-৪: ‘‘সুস্বাস্থ্য ও কল্যান” অর্জনে অবদান রাখছে।
তিনি সকলকে আহ্বান জানান যেন, স্ট্রোকজনিত প্যারালাইসিস, অর্থোপেডিক ও নিউরোজিক্যাল রোগী, জন্মগতভাবে প্রতিবন্ধী শিশুদের সম্প্রীতি প্রতিবন্ধী পুনর্বাসন প্রতিষ্ঠান ও কমিউনিটি হাসপাতালে প্রেরণ করেন এবং তাদের শারীরিক ও সামাজিকভাবে পুনর্বাসন করতে সহায়তা গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভারঞ্জন শিকদার।
তিনি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ও স্ট্রোক-প্যারালাইজড রোগীদের পুনর্বাসনের জন্য সম্প্রীতি প্রতিবন্ধী পুনর্বাসন প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এসময় আরো বক্তব্য প্রদান করেন সম্প্রীতির সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ, সম্প্রীতির ফিজিওথেরাপিস্ট ডাঃ জোবায়েত নবী শাহিন ও চিকিৎসক ডাঃ পিংকী মন্ডল। উক্ত মেডিকেল ক্যাম্পে রোগী দেখেছেন সম্প্রীতি প্রতিবন্ধী পুনর্বাসন প্রতিষ্ঠান ও কমিউনিটি হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ। মেডিকেল ক্যম্পের মাধ্যমে যে সকল রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে তা হলো- শরীরের যেকোনো জায়গায় ব্যথা, বাত ব্যথা, প্যারালাইসিস, সাধারণ জ্বর ও সংক্রমণ, ঠান্ডা, কাশি, ত্বকের সমস্যা, একজিমা, চুলকানি, পেট সংক্রান্ত সমস্যা, ডায়রিয়া, হজম সমস্যা, গ্যাস্ট্রিক, মহিলা স্বাস্থ্য ও গাইনোকোলজি, গর্ভকালীন পরামর্শ, প্রজনন স্বাস্থ্য এছাড়াও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক সমস্যা, প্রতিবন্ধিতাসহ স্ট্রোক রোগীদের পরামর্শ ও প্রাথমিক সেবা প্রদান করা হয়েছে।



































































