বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির। এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে নিজের জাত চিনিয়েছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নিজেকে বারবার ভেঙেছেন আবার গড়েছেন। আর বহুমাত্রিক চরিত্রে মেলে ধরে পরিণত করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী।
সাফা কবিরের সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে মেহজাবীন চৌধুরী, মুমতাহিনা চৌধুরী টয়া, শবনম ফারিয়া, সাবিলা নূর, শেহতাজ মুনিরা হাশেম ইতোমধ্যেই সংসারী। তাই প্রায়ই সাফাকে শুনতে হয়- কবে বিয়ে করছেন?
এ বিষয়ে সাফা কবির বলেন, ‘আমার পরিবার থেকে কোনো তাড়াহুড়া নেই। আব্বু-আম্মু সব সময় আমাকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। তারা সব সময় বলেছেন, সাফা যেটা চাইবে সেটাই হবে।’
নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘আমি এমন একটা সময়ে বিয়ে করতে চাই, যখন আমার জীবনে এমন একজন মানুষ আসবে, যার সঙ্গে সারা জীবন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই থাকা যাবে। হুটহাট বিয়ে করে কিছুদিন পর ভেঙে যাওয়ার চেয়ে, আস্থার সঙ্গে বিয়ে করাটাই বেশি গুরুত্বপূর্ণ।’
সাফার কথায়, সেরকম কাউকে এখনও খুঁজে পাননি। তিনি বলেন, ‘আমি অনেক কাজ নিয়ে ব্যস্ত। সামনে হয়তো হবে। দোয়া করি, আল্লাহ একজন ভালো মানুষ দেবেন। আমার বিশ্বাস আছে।’
সম্প্রতি কক্সবাজারে ‘মৎস্যকন্যা’ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন সাফা। সেখান থেকে ঢাকায় ফিরেই শুরু হয়েছে নতুন কাজের ব্যস্ততা। পাশাপাশি ঈদ সামনে রেখে প্রস্তুতিও নিচ্ছেন তিনি।



































































