মোয়াজ্জেম হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধে প্রতিপক্ষগণ কর্তৃক আমবাগানের গাছ কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
উপজেলার ০১নং আজিমপুর ইউনিয়নের কৃচিলাপুকুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান (৪৪) বাদী হয়ে লিখিত অভিযোগে জানান, একই ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত মফির উদ্দীনের ছেলে মোঃ ইয়াকুব আলী (৬০) ও মোঃ নছির উদ্দীন (৭০), মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ নাহিদ ইসলাম (২৬), মোঃ নছির উদ্দীনের ছেলে মোঃ আব্দুল মমিন (৩৮) ও মোঃ কামরুজ্জামান (৩৪) জমি-জমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে আমাদের পৈতৃক ও রেকর্ডিয় সম্পত্তি তাদের বলে দাবি করে জোরপূর্বক জবর দখল করার জন্য পায়তারা করে আসছে। প্রতিপক্ষগণেরা ইতিপূর্বে আমাদের সম্পত্তি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা করলে সেই সময় আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীগণদের বাধা নিষেধ করলে আমাদের মারধর করার চেষ্টাসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদানসহ আমাদের জমিতে আমাদের চাষাবাদ করতে দিবে না বলে প্রকাশ্য হুমকি প্রদান করে। পরবর্তীতে জমি-জমা বিষয়ে আমরা একটি মামলা দায়ের করি। মামলার রায় আমাদের পক্ষে হয়। মামলার রায় আমাদের পক্ষে হওয়ায় আমাদের জমিতে প্রায় দেড় বছর পূর্বে রোপণকৃত আমের বাগানে গত ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টা হতে ২৮ ফেব্রুয়ারি ভোর আনুমানিক সাড়ে ৫টার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাতনামা ব্যক্তি কে বা কাহারা অসৎ উদ্দেশ্য আমাদের যা বিরল থানাধীন ০৩নং ধামইর ইউনিয়নের কাশিডাঙ্গা মৌজায় ৩৪১নং খতিয়ানের ১৫৭০নং দাগের ০৯ শতক জমিতে থাকা আম গাছের বাগানের ১৫টি মুকুল ধরা আম গাছ কেটে আনুমানিক বিশ হাজার টাকা ক্ষতিসাধন করে। স্থানীয় লোকজন সকালে দেখতে পেয়ে আমাকে ফোন করে অবগত করলে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, আমাদের জমিতে থাকা আম বাগানের ১৫টি মুকুল ধরা আম গাছ কাটা অবস্থায় পড়ে আছে। তখন আমি ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনার বিস্তারিত দেখেন, শুনেন ও অবগত আছেন।
এ ঘটনায় মোস্তাফিজুর রহমান বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।



































































