স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের এই অভূতপূর্ব সিদ্ধান্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরীফ ঘোষণা করেন যে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে মাঠে নামবে না। এই খবরটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন আসিফ নজরুল।
পোস্টে তিনি লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।’
আসিফ নজরুল পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে আরও বলেন, ‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি, এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’
নিরাপত্তাহীনতার যুক্তিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ নাকচ করে দিয়ে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। এর প্রতিবাদে পাকিস্তানের এই অনড় অবস্থান আইসিসিকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরীফ স্পষ্ট করে দিয়েছেন যে, আইসিসির এই সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট এবং বাংলাদেশের মতো একটি উদীয়মান ক্রিকেট শক্তির প্রতি অবিচার।



































































