
স্পেশাল করেসপন্ডেন্ট, ২৩ মার্চ, ২০২৬
পুলিশ প্রশাসনের সহযোগিতায় ফিলিং স্টেশন চালু রাখতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্টস্ অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল সই করা চিঠিতে তাদের উদ্বেগের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে বিশ্বব্যাপী ইরানের যুদ্ধের করণে জ্বালানি তেল ডিপোগুলো থেকে আমাদের অস্বাভাবিক চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করতে পারছে না বা আপাতত তা সরবরাহ করতেও পারবে না। অন্যদিকে মোটরসাইকেল ও সাধারণ ভোক্তাদের ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ক্রমাগত বেড়েই চলেছে।
একইসঙ্গে বিভিন্ন জায়গায় সাধারণ ভোক্তা ও মোটরসাইকেল চালক কর্তৃক ফিলিং স্টেশনের স্টাফদের মারধরসহ ফিলিং স্টেশন ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং যা প্রতি নিয়ত ঘটেই চলেছে। এমতাবস্থায় স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিয়ে ফিলিং স্টেশন চালু রাখতে হবে। অন্যথায় কারো আদেশের অপেক্ষায় না থেকে ফিলিং স্টেশন পরিচালনার ক্ষেত্রে নিজের নিরাপত্তা নিজেকেই নিয়ে চলতে হবে।
চিঠিতে উদ্বেগের কথা জানিয়ে বলা হয়, পাম্পের সব কর্মচারীদের নিরাপত্তা দিয়ে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করুন যাতে কোনোভাবে কোন দুর্ঘটনা না ঘটে।



































































