নাটোর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম তার “পরিবর্তনের ইশতেহার” ঘোষণা করেছেন।
শনিবার দুপুরে উপজেলার বনপাড়া বাইপাস প্রধান নির্বাচনী অফিসে প্রার্থী নিজেই ওই ইশতেহার পাঠ করেন।
আব্দুল হাকিম লিখিত ইশতেহারের ১৬টি ধাপে তিনি বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের সুখ-দুঃখের সহযাত্রী। আল্লাহভীরু নেতৃত্ব, সৎ ও যোগ্য জনপ্রতিনিধিত্ব এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। দুর্নীতিমুক্ত, জনকল্যাণমুখী, মানবিক ও উন্নত জনপদ গড়াই আমার অঙ্গীকার। আমি চলমান সমাজ ব্যবস্থা পরিবর্তনে আপনাদের ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করে ইশতেহার ঘোষণা করছি।
ইশতেহারে সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন বিষয়ে তিনি বলেন, ঘুষ, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, ধর্ষণ ও দলীয়করণের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন, স্থানীয় সরকার দপ্তরে সকল প্রকার সেবা নিশ্চিত করা, জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ জনকল্যাণে ব্যয়ের নিশ্চয়তা প্রদান ও সকল প্রকার নিয়োগ, পদোন্নতি এবং বদলি উৎকোচবিহীনভাবে যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে তদারকি করা হবে। কৃষি ও কৃষকের উন্নয়নের ক্ষেত্রে, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সেচ, সার, বীজ ও কীটনাশকের সরবরাহ নিশ্চিত করা, কৃষিপণ্য ও মাছ সংরক্ষণে হিমাগার নির্মাণ ও বাজারজাতকরণ সুবিধা বৃদ্ধি করা, কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প স্থাপন করা, মৎস্যচাষীদের জন্য ‘ফিস প্রসেসিং সেন্টার’ স্থাপন ও স্থানীয় কৃষকের উৎপাদিত ফল ও ফসল বাজারজাতকরণ ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। ব্যবসাবান্ধব চাঁদাবাজমুক্ত পরিবেশের ক্ষেত্রে, সকল প্রকার ব্যবসায়ীদের জন্য চাঁদাবাজমুক্ত নিরাপদ ব্যবসায়ীক পরিবেশ নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও মাঝারী শিল্প প্রতিষ্ঠান গড়ায় সার্বিক সহায়তা প্রদান করা হবে। শিক্ষা ও নৈতিক মানবসম্পদ গঠন বিষয়ে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ও নীতি নৈতিকতা সম্পন্ন পরিবেশ নিশ্চিত করা, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের উদ্যোগ নেওয়া, সরকারি ভবনবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন বরাদ্দের ব্যবস্থা করা এবং কওমী ও হাফিজিয়া মাদরাসাসমূহে নিয়মিত বরাদ্দের ব্যবস্থা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে, বিদ্যমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ বেডে উন্নীত করণ, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা, সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও আইসিইউ ব্যবস্থা চালু করা, মা ও শিশুর স্বাস্থ্যসেবায় বিশেষ কর্মসূচি গ্রহণ এবং ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে সুচিকিৎসা নিশ্চিত করা, বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাস্তবায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করা, পাঁচ বছরের নিচে এবং ষাটোর্ধ্ব বয়সীদের বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্যোগ নেওয়া ও স্থানীয় সংবাদকর্মীদের জন্য কল্যাণমুখী পদক্ষেপ নেওয়া হবে। মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের মর্যাদার বিষয়ে মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও শহীদ জুলাই যোদ্ধাদের পরিবারকে সম্মান ও পুনর্বাসনের ব্যবস্থা করা এবং পরিবারের সদস্যদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে।
যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে তিনি বলেন, আইডিভুক্ত সকল কাঁচা সড়ক পাকা করা, আধাপাকা রাস্তা ও ক্ষতিগ্রস্থ ব্রিজগুলো দ্রুত সংস্কার করা, গ্রামীণ হাট-বাজারের উন্নয়ন নিশ্চিত করে নিরাপদ বাজার ব্যবস্থা চালু করা, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ককে চার লেনে উন্নিত করণের উদ্যোগ নেওয়া এবং নাটোর থেকে বনপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। যুব সমাজ ও কর্মসংস্থানের ক্ষেত্রে, বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রুপান্তর করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া এবং বিদেশ গমনেচ্ছুক যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে ফ্রি পাসপোর্ট করে দেওয়া হবে।
নারীর মর্যাদা ও পারিবারিক নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, কর্মজীবী নারীদের নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা, কর্মহীন গৃহিণীদের নিজ গৃহে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করে আয়বর্ধক কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া ও স্থানীয় শ্রমিকদের জন্য কল্যান ট্রাস্ট গঠন করা হবে। ধর্মীয় ও নৈতিক সমাজ গঠন বিষয়ে, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, সমাজ থেকে সুদ, জুলুম ও অনৈতিক আচরণ দূরীকরণে প্রচেষ্টা করা, প্রতিটি মসজিদে মক্তব শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া ও হিন্দু-খ্রিস্টান, আদিবাসী সম্প্রদায় ও অন্যান্য ধর্মের মানুষদের রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না।
পরিকল্পিত নগরায়ন ও আবাসন ক্ষেত্রে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী আবাসন প্রকল্প গ্রহণ , পৌর শহর- হাট-বাজারের বর্জ্য ও প্লাস্টিক রিসাইকেলিং করে পরিবেশের ভারসাম্য রক্ষা ও গুরুদাসপুর, বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভার সেবা এবং উন্নয়ন ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। চলনবিল এলাকায় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৃথক উপজেলা করার উদ্যোগ বাস্তাবায়ন করা হবে।
ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ে তিনি বলেন, দুই উপজেলায় দুটি পৃথক ও আধুনিক স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়ন ও ধর্মীয় এবং বাংলাদেশী ইতিহাস ঐতিহ্য চর্চায় ২ উপজেলায় পৃথক দুইটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে তোলা হবে। বিনোদন ও পর্যটন ক্ষেত্রে, চলনবিলে ইকো ট্যুরিজম পার্ক স্থাপন, পাঙিয়ারদিঘি, বিলশা ও পদ্মবিল পর্যটন ব্যবস্থা আধুনিকায়ন ও বিনোদন ও প্রাতঃভ্রমণের জন্য দুই উপজেলায় পার্ক ও উন্মুক্ত স্থান সংরক্ষণ করা হবে। জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ও পৌর এলাকাসমূহে আবাসিক গ্যাস সংযোগ ও গ্যাস নির্ভর শিল্প প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নেয়া হবে। ডিজিটাল প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের মাধ্যমে শিক্ষিত বেকারদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে অনলাইন উদ্যোক্তা ও ফ্রি ল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে।
সবশেষে তিনি বলেন, নাটোর-৪ আসনে দুই উপজেলার সাবেক ও বর্তমান বিশিষ্ট জন, বিশেষ করে সরকারের সচিব-উপসচিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিজ্ঞানী গবেষক, প্রকৌশলী, আইনবীদ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সমন্নয়নে উন্নয়ন ফোরাম গঠন করা হবে। উপর্যুক্ত ইশতেহার এই ফোরাম ও ১১ দলীয় জোট নেতৃবৃন্দের সাথে পরামর্শের মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিত করা হবে। প্রয়োজনে সময়ের চাহিদা অনুযায়ী সমস্যাসমূহ দ্রুত সমাধান করা হবে। পরিশেষে তিনি বলেন, আমি অঙ্গীকার করছি, ক্ষমতার নয়, দায়িত্বের রাজনীতি করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহভীরু, সৎ ও জনবান্ধব প্রতিনিধি হিসেবে আপনাদের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করব, ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লায় ভোট দিন, সেবা করার সুযোগ দিন। “হ্যাঁ-এ ভোট দিন, পরিবর্তনে অংশ নিন।”
ইশহেতার পাঠ অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা সেক্রেটারী আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক হাবিবুর রহমান, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, মহাকাশ বিজ্ঞানী ফজলুল হক, ফিউচার ব্রীজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম শান্ত, এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, খেলাফতে মজলিস বড়াইগ্রামের উপদেষ্টা মাওলানা ওমর ফারুকসহ দুই উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।



































































