নূরে আলম বিপ্লব, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শনিবার বিকেলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন। আলোচনা পর্বে উঠে আসে সংগঠনের বিগত এক বছরের সার্বিক কার্যক্রমের চিত্র, অর্জন ও সীমাবদ্ধতা। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী প্রস্তাব উপস্থাপন করা হয়। এসময় বক্তারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে পবিত্র মাহে রমজানের তাৎপর্য স্মরণ করে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। এরপর সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। সদস্যদের প্রাণবন্ত উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে অর্থবহ, সুশৃঙ্খল ও ভবিষ্যতে সংগঠনের অগ্রযাত্রায় নতুন প্রেরণা।
উক্ত সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহাম্মদ উজ্জ্বলসহ সকল সংবাদকর্মী উপস্থিত থেকে তাদের মতামত প্রকাশ করেন।



































































