শাকিল আহমেদ, নওগাঁ প্রতিনিধি : তৃণমূলের অসহায় ও অসচ্ছল মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে নওগাঁয় ভিন্নধর্মী এক আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস প্যানেল’। দান বা খয়রাত হিসেবে নয়, বরং মানুষের আত্মসম্মান ও মর্যাদা বজায় রাখতে মাত্র ‘১০ টাকার বিনিময়ে’ ২৫০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদ উপহারের বিশেষ প্যাকেজ।
গত শুক্রবার বিকেলে শহরের পার-নওগাঁ মুখ বধির স্কুল প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ঈদ প্যাকেজে ছিল সেমাই, দুধ, ভোজ্য তেল, চিনি, আতপ চালসহ নিত্যপ্রয়োজনীয় মসলা, পেঁয়াজ ও রসুন। শুধু নির্দিষ্ট স্থানেই নয়, অনেক অসহায় মানুষের আত্মসম্মানের কথা বিবেচনা করে সংগঠনের স্বেচ্ছাসেবীরা তাদের বাড়িতে গিয়েও এই উপহার পৌঁছে দেন। দীর্ঘদিন ধরে মানবিক কাজে নিয়োজিত এই সংগঠনটি ইতোমধ্যে তাদের সেবামূলক কার্যক্রমের ১৮২তম সপ্তাহ অতিক্রম করেছে।
ব্যতিক্রমী এই আয়োজনের বিষয়ে সংগঠনের সভাপতি মোহাম্মদ রিমন আলী বলেন, আমরা বিশ্বাস করি সাহায্য করার চেয়ে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সম্মান বজায় রাখা বেশি জরুরি। ১০ টাকার এই বিনিময় মূল্য আসলে একটি প্রতীকী বিষয়, যাতে গ্রহীতা নিজেকে ছোট মনে না করেন এবং ভাবতে পারেন তিনি সসম্মানে এটি সংগ্রহ করেছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, ফ্রেন্ডস প্যানেল গত ১৮২ সপ্তাহ ধরে নিরবচ্ছিন্নভাবে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। প্রতি শুক্রবার এক টাকায় খাবার বিতরণ থেকে শুরু করে শীতার্তদের কম্বল দেওয়া, ঘর নির্মাণ এবং কর্মহীনদের স্বাবলম্বী করার মতো কাজগুলো আমাদের সদস্যদের নিজেদের কষ্টার্জিত অর্থেই পরিচালিত হচ্ছে। ঈদুল ফিতরকে সামনে রেখে এই ২৫০ পরিবারের হাসিমুখই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।
উল্লেখ্য, এর আগে ৮শত শীতার্ত মানুষের মাঝে প্রতীকী মূল্যে কম্বল বিতরণ করে ব্যাপক প্রশংসিত হয়েছিল ফ্রেন্ডস প্যানেল। বছরজুড়ে মানবিকতার চাদরে নওগাঁকে আগলে রাখা এই তরুণদের সংগঠনটি এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুস্থ মানুষের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।
স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ প্রজন্মের এমন দায়বদ্ধতা সমাজের বৈষম্য দূর করতে কার্যকর ভূমিকা রাখবে।



































































