রূপম ভট্টাচার্য : চট্টগ্রাম জেনারেল হাসপাতালের অবস্থান নগরের আন্দরকিল্লা এলাকার রংমহল পাহাড়ের ওপর। শুরুতে এটি একটি ডিসপেনসারি হিসেবে যাত্রা শুরু করে। ১৯০১ সালে পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে কার্যক্রম শুরু হয়। ওই সময় জেলা সদর হাসপাতাল হিসেবে পরিচিত হাসপাতালটি ১৯৮৬ সালে ৮০ শয্যা এবং পরে ১৫০ শয্যায় উন্নীত হয়। তবে জনবল থেকে যায় ১০০ শয্যার। সেই পুরোনো জনবল কাঠামোতেই ২০১২ সালে হাসপাতালটিতে ২৫০ শয্যার সেবা শুরু হয়। পুরনো ও জরাজীর্ণ ভবন, সংকীর্ণ জায়গা, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতির অপ্রতুলতা ও অরক্ষিত পরিবেশে এই হাসপাতালে ব্যাহত হচ্ছে সেবা। তিন বছর আগে ১০ তলা দুটি ভবন নির্মাণের প্রস্তাব এলেও তা বাস্তবায়ন হয়নি। পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় চুরি-ছিনতাইয়ের কারণে অনেক রোগী হাসপাতালে ভর্তি হতে চায় না। হাসপাতালটিতে চিকিৎসকের ৪২টি পদসহ উপজেলা, ওএসডি ও প্রেষণের মোট ৮১টি পদ আছে। এর মধ্যে চিকিৎসকের পদ খালি নেই। অন্যদিকে নার্সদের ১৫৫টি পদের মধ্যে ১৪৫ জন কর্মরত আছেন। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে কর্মরত আছেন মাত্র ৬৮ জন। আউটসোর্সিংয়ে কাজ করছেন ৩৬ জন। সম্প্রতি নতুন করে হাসপাতালটিতে চিকিৎসক পদায়ন করায় ১৮টি আইসিইউ চালু হয়েছে। তবে জনবল সংকটের কারণে এইচডিইউ বিভাগ (ছয়টি বেড) বন্ধ রয়েছে। হাসপাতালটিতে ২১৮টি শয্যা চালু আছে। করোনাকালে আইসিইউ বেড চালু করার জন্য সার্জারি ও অর্থোপেডিক বিভাগের শয্যা ৫০টি থেকে কমিয়ে ১৮টি করা হয়। গড়ে প্রতিদিন হাসপাতালের অন্তর্বিভাগে ১৭১ জন, বহির্বিভাগে ১ হাজার ২০০ এবং জরুরি বিভাগে ১৪০ থেকে ১৫০ জন রোগী আসেন চিকিৎসাসেবা নিতে। হাসপাতাল ভবনটি পুরনো হওয়ায় জরুরি বিভাগের সামনে রোগী দাঁড়ানোর মতো জায়গা নেই। অন্যদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সংকটের কারণে রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে হস্তান্তরে সমস্যা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অন্তর্বিভাগে এখন যে পরিমাণ রোগীর চাপ তাতে অন্তত ১৫ থেকে ২০ জন মেডিক্যাল অফিসার থাকার কথা থাকলেও এখন সেখানে মোট সাতজন কাজ করছেন। এর মধ্যে মেডিসিনে দু’জন, গাইনিতে দু’জন, সার্জারিতে দু’জন ও ইএনটিতে (নাক, কান, গলা) একজন। অন্যদিকে চর্ম ও যৌন রোগ বিভাগে রোগীদের চাপ সবচেয়ে বেশি হলেও মাত্র ছয়জন চিকিৎসক দিয়ে বিভাগটি চালাতে হচ্ছে। বহির্বিভাগে চিকিৎসক সংকটের কারণে বিকালের পর শিশু ও অন্যান্য বিভাগে রোগী এলে চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ একরাম হোসেন বলেন, ‘এই হাসপাতালের ভবন ও নকশা শত বছরের পুরনো হওয়ায় এটি এখন আর রোগীবান্ধব নয়। বিশেষ করে জরুরি বিভাগ খুব ছোট। এটি সম্প্রসারণের সুযোগও নেই। বক্ষব্যাধি বিভাগের পাশে অব্যবহৃত এলাকায় একসময় দুটি নতুন ভবন তোলার প্রস্তাব উঠেছিল। কিন্তু তা আর অগ্রসর হয়নি। শিশু ওয়ার্ডে রোগী পরিবহনের কোনো র্যাম্প নেই। ফলে শিশু রোগীদের সিঁড়ি বেয়ে ওঠাতে-নামাতে হয়। পাশাপাশি পুরনো ভবনগুলোর বাথরুম, দরজা-জানালা মেরামত করা দরকার’।
তিনি বলেন, ‘হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংখ্যা কম। নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা আছে। সন্ধ্যার পর হাসপাতাল এলাকায় নীরবতা নেমে আসে, আশপাশে নিরাপদ রেস্টুরেন্ট বা হোটেল নেই। হাসপাতাল কর্তৃপক্ষ ৩০ জন আনসার সদস্য নিয়োগের অনুমোদন পেয়েছে। বাজেট বরাদ্দ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। হাসপাতালে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি বেশিরভাগই নষ্ট। সম্প্রতি বেশকিছু যন্ত্রপাতির জন্য সরকারকে চাহিদাপত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে অবকাঠামোগত দুর্বলতা, জনবল ঘাটতি, নিরাপত্তা ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ-এ চারটি বড় চ্যালেঞ্জের মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ উন্নয়ন ও পুনর্গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
গণপূর্ত-১ এর উপসহকারী প্রকৌশলী মনোজ দে বলেন, ‘চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুটি ১০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা গত সরকারের আমলে নেওয়া হয়েছিল। এখন সেটি স্থগিত। নতুন করে ভবন করতে হলে আবারও প্রস্তাব পাঠাতে হবে। নতুন ডিপিপি তৈরি করে অনুমোদন নিতে হবে’।



































































