স্পোর্টস ডেস্ক : উত্তর লন্ডন ডার্বিতে দাপট দেখিয়ে জয়ে ফিরেছে আর্সেনাল। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল। তিন মাসের গোলখরা কাটিয়ে জোড়া গোল করেছেন এবেরেচি এজে, সমান গোল করেছেন ভিক্তর ইয়োকেরেশও। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর চাপে ছিল আর্সেনাল।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সেই চাপ ঝেড়ে ফেলতে চেয়েছিল তারা। সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। ডি-বক্সের বাইরে থেকে ইয়োকেরেশের বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।
৩২ মিনিটে অবশেষে জালে বল পাঠায় আর্সেনাল।
ডান দিক থেকে আসা ক্রসে বল প্রথমে পায়ে লেগে উপরে উঠে যায় এজের। পরিস্থিতি সামলে নিয়ে ভলিতে বল পাঠান জালে। গত নভেম্বরে প্রথম লেগে টটেনহ্যামের বিপক্ষে হ্যাটট্রিক করা এই ইংলিশ উইঙ্গার এরপর দীর্ঘ সময় গোলশূন্য ছিলেন। টানা ১৯ ম্যাচ পর আবার গোলের দেখা পেলেন তিনি। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্সেনাল। দুই মিনিটের মাথায় সমতায় ফেরে টটেনহ্যাম। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মাঝখান থেকে নিখুঁত শটে গোল করেন কোলো মুয়ানি। ম্যাচ তখন জমে ওঠে। প্রথমার্ধের শেষ দিকে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিলেন বুকায়ো সাকা। গোলরক্ষককে একা পেয়ে শট নিলেও গুলিয়েলমো ভিকারিও দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন।
বিরতির পর দৃশ্যপট বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার এগিয়ে যায় আর্সেনাল। ইউরিয়েন টিম্বারের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ইয়োকেরেশ। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় অতিথিরা।
৬১ মিনিটে ব্যবধান বাড়ান এজে। সাকার সঙ্গে বোঝাপড়ার পর প্রতিপক্ষের পায়ে লেগে ফিরে আসা বল পেয়ে জোরালো শটে দ্বিতীয় গোল করেন তিনি। গত অগাস্টে দলে যোগ দেওয়ার পর লিগে এটি তার ষষ্ঠ গোল। ম্যাচের শেষ দিকে স্বাগতিকরা ফেরার চেষ্টা করেছিল। বদলি হিসেবে নামা রিশার্লিসন ৮৪ মিনিটে প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন। কিন্তু তার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গোলরক্ষক দাভিদ রায়া। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সব হিসাব চুকিয়ে দেন ইয়োকেরেশ। মার্টিন ওডেগোরের পাস ধরে বক্সে ঢুকে চতুর্থ গোল করেন সুইডিশ ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে এটি তার পঞ্চম গোল। গ্রীষ্মে স্পোর্তিং থেকে আসার পর চলতি মৌসুমে লিগে ১০ গোল পূর্ণ হলো তার। এই জয়ে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।
অন্যদিকে টটেনহ্যামের হতাশা আরও বাড়ল। চলতি বছরে এখনো লিগে জয়ের মুখ দেখেনি তারা। শেষ নয় ম্যাচে এটি তাদের পঞ্চম হার, টানা তৃতীয় পরাজয়। ২৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলের ঠিক ওপরেই, ১৬ নম্বরে অবস্থান করছে দলটি।



































































