স্পোর্টস ডেস্ক : হ্যামস্ট্রিং চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। বুধবার দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যমকে।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় এই চোট পান বাঁহাতি এই ব্যাটার। পূর্ণ ফিটনেস ফিরে পেতে এখন জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ)-তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন তিনি। এই মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। দলটি ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে। ১০ মার্চ অনুশীলন শেষে ১১ মার্চ শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
২০২৫ সালের জুলাইয়ের পর এটিই পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর। আগের সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এর আগে ২০২৫ সালের মে-জুনে বাংলাদেশ দল পাকিস্তান সফরে গেলে সালমান আলি আগার নেতৃত্বে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় স্বাগতিকরা। এদিকে ওয়ানডে সিরিজের আগে দল পুনর্গঠনের কথাও ভাবছে পাকিস্তানের নির্বাচকরা। দলকে ভারসাম্যপূর্ণ করতে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
টি-টোয়েন্টিতে প্রত্যাশা পূরণ করতে না পারা কয়েকজন ক্রিকেটার বাদ পড়তে পারেন। তাদের জায়গায় নতুন মুখ দেখা যেতে পারে। সাইম আইয়ুব, বাবর আজম ও মোহাম্মদ নওয়াজের জায়গা নিয়েও আলোচনা চলছে বলে সূত্র জানায়।
আঞ্চলিক উত্তেজনা নিয়ে কিছু উদ্বেগ থাকলেও আপাতত সূচি অনুযায়ীই সিরিজটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বা ভ্রমণসংক্রান্ত ঝুঁকি না বাড়লে সফর স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।



































































