ডেস্ক রিপোর্টঃ প্রবাসীর স্ত্রী ও তার সন্তানসহ দুই শিশুর গলাকাটা মরদেহ কুমিল্লার হোমনায় নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনা ঘটে আজ মঙ্গলবার সকালে উপজেলার মণিপুর গ্রামে।
নিহতরা হলেনঃ মণিপুর গ্রামের প্রবাসী জহির মিয়ার স্ত্রী সুখী আক্তার (২৫), জহির মিয়ার ভাই সাত্তার মিয়ার ছেলে শিশু জোবায়ের (৬) ও জহির মিয়ার শিশু সন্তান হোসাইন (৫)।
জানা যায়, সকালে কোনও সাঁড়াশব্দ না পেয়ে স্থানীয়রা তাদের খোঁজ নেন। এ সময় জানালা দিয়ে ঘরের ভেতর মরদেহগুলো দেখতে পেলে পুলিশে খবর দেয়া হয়। তারপর পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি।



































































