এস আই মল্লিক : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পারলাট গ্রামের পারলাট বিলে জোরপূর্বক দখল ও বিপুল পরিমাণ মাছ লুটের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন পারলাট গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে ভুক্তভোগী মোঃ আলতাফ হোসেন।
সোমবার তিনি স্থানীয় কোটচাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ দখলবাজ চক্র তার পৈতৃক সূত্রে মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে নেয় এবং জলাশয়ের সব মাছ লুট করে নিয়ে যায়।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে পারলাট গ্রামের চিহ্নিত দখলবাজরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার মালিকানাধীন পারলাট বিলের মৌজা নং- ৪৭, সি.এস-০৩, এস.এ-০৪ খতিয়ানভুক্ত সাবেক দাগ নং- ৫৩১, আর.এস-২৭২ খতিয়ানভুক্ত, হাল-৪৬ দাগের ১৩.৫৬ শতক ডোবা জমিতে হামলে পড়ে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে উক্ত জমিতে তিনি মাছ চাষ করে আসছেন। দেড় বছর ধরে পরিচর্যায় বড় করা রুই, কাতলা, মৃগেল, গ্রাস কার্প, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা এবং দেশি প্রজাতির মাছের মূল্য প্রায় ৫ লাখ টাকা। প্রায় ২৫ থেকে ২৬ লাখ টাকার সম্পদ লুট করেছে তারা। দখলবাজরা এসব মাছ জোরপূর্বক লুট করে নেয়। পাশাপাশি মাছের খাদ্য খৈল, ৩৫ বস্তা ফিড (মূল্য প্রায় ৪০ হাজার ২৫০ টাকা) ও ১৫ বস্তা পালিশ (মূল্য প্রায় ১৩ হাজার ৫০০ টাকা) নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন পারলাট গ্রামের সবুজ, লিটন খান, আব্দুল আলীম, আবুল হোসেনসহ নামধারী ২৪ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে লুটতরাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ আনেন।
অভিযোগে মোঃ আলতাফ হোসেন বলেন, ঘটনার সময় তাকে ও তার লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এলাকার বহু মানুষ ও তার পাহারাদাররা ঘটনার প্রত্যক্ষ সাক্ষী।
এ ঘটনায় তিনি ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন বলে জানান। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা এবং দখলকৃত জমি ও ক্ষতিপূরণের ন্যায্য বিচার দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করে বলেন, “আমি শান্তিপ্রিয় মানুষ। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের মাধ্যমে আমার অধিকার ফিরে পেতে চাই।”



































































