সরদার হারুন রানা, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় মাছের ঘেরের মালিককে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করায় তথ্য প্রদান করার সন্দেহে কর্মচারীকে ডেকে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী প্রভাবশালী শেখর বসুকে গ্রেফতার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কোদালধোয়া গ্রামের মৃত নরেন বসুর ছেলে শেখর বসুর মালিকানাধীন কদমবাড়ি গ্রামে একটি বড় মাছের ঘেরে একাধিক কর্মচারী কাজ করছে। গত ৯ ফেব্রুয়ারি ঘের মালিক শেখর বসুকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। শেখর বসু ১২ দিন জেল খেটে গত ২২ ফেব্রুয়ারি জামিনে বের হয়ে ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় নিজের ঘের পাড়ের ঘরে সকল কর্মচারীকে ডেকে তার গ্রেফতারের বিষয়ে জিজ্ঞাসা করে সকল কর্মচারী ছেড়ে দেয়। এসময় বাকাল গ্রামের মৃত হরলাল হালদারের ছেলে নারায়ণ হালদারকে ঘের মালিক শেখর বসুকে গ্রেফতারের তথ্য দেওয়ার সন্দেহে ঘরে আটক করে রশি দিয়ে বেঁেধ মারধর করে মাথার চুল কেটে দেয়। একপর্যায়ে নারায়ণ হালদার অসুস্থ হয়ে পানি খেতে চাইলে শেখর বসু তখন নারায়ণ হালদারের মুখে প্রস্রাব করে দেয়। নির্যাতিত নারায়ণ হালদারের অভিযোগের ভিত্তিতে গত শনিবার রাতে এস আই আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে শেখর বসুর কদমবাড়ীস্থ মাছের ঘের থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, নির্যাতিত নারায়ণ হালদারের অভিযোগের ভিত্তিতে শেখর বসুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।



































































